বেসিক ব্যাংকের নতুন এমডি মোঃ নূরুল হুদা’র যোগদান
শতভাগ রাষ্ট্রমালিকানাধীন বেসিক ব্যাংক পিএলসি.-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে মোঃ নূরুল হুদা যোগদান করেছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী ০৩ (তিন) বছরের জন্য সোমবার (১৬ নভেম্বর, ২০২৬) তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন।
বর্তমান দায়িত্ব গ্রহণের আগে তিনি জনতা ব্যাংক পিএলসি.-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-এর ডিএমডি এবং আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেডের (আইএসটিসিএল) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি পোর্টফোলিও ম্যানেজমেন্ট কমিটি, ট্রাস্টি কমিটি ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির প্রধান হিসেবে বিনিয়োগ ব্যবস্থাপনা, করপোরেট গভর্ন্যান্স ও ঝুঁকি ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি আইসিবি’র চিফ অ্যান্টি-মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার (CAMLCO) হিসেবেও দায়িত্ব পালন করেন।
মোঃ নূরুল হুদা ১৯৯৬ সালে অগ্রণী ব্যাংক পিএলসি.-এর সিনিয়র অফিসার হিসেবে ব্যাংকিং পেশায় কর্মজীবন শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি ব্যাংকটির মহাব্যবস্থাপক হিসেবে খুলনা ও বরিশাল সার্কেল প্রধানের দায়িত্ব পালন করেন। এ ছাড়া, তিনি অগ্রণী ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন, ট্রেজারি ডিভিশন, ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট ডিভিশন, প্রধান শাখা ও ফরেন এক্সচেঞ্জ কর্পোরেট শাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখা ও বিভাগে দায়িত্ব পালন করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্স ও ব্যাংকিং বিষয়ে স্নাতক (সম্মান) এবং ব্যাংকিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে তিনি মার্কেটিং বিষয়ে এক্সিকিউটিভ এমবিএ (ইএমবিএ) ডিগ্রিও অর্জন করেন। জনাব হুদা ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ (আইবিবি)-এর একজন ডিপ্লোমেড অ্যাসোসিয়েট।
দীর্ঘ ব্যাংকিং কর্মজীবনে তিনি ব্যবস্থাপনা, ঝুঁকি ব্যবস্থাপনা, ট্রেজারি, ঋণ ব্যবস্থাপনা ও বিনিয়োগসহ ব্যাংকিংয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা অর্জন করেছেন। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি দেশে ও বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি ও সেমিনারে অংশগ্রহণ করেন।
মোঃ নূরুল হুদা ১৯৭২ সালে পিরোজপুর জেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।